বুধবার ১৭ জুন ২০২৬ - ১৭:৪৭
শত্রুর লক্ষ্য জাতীয় ঐক্য ও সংহতি দুর্বল করা

ইরানের কেরমানশাহ প্রদেশের রাওয়ানসার জেলার সুন্নি জুমার ইমাম মামুস্তা মোল্লা মোহাম্মদ মাহমুদি বলেছেন, জনগণের ঐক্য ও পারস্পরিক সংহতিই জাতীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আর এ কারণেই শত্রুপক্ষ জাতীয় সংহতি দুর্বল করার প্রকল্প বাস্তবায়নে তৎপর হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ মাহমুদি বলেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন জাতীয় ঐক্য ও সংহতি দুর্বল করার পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়েছে।

তিনি আরও বলেন, সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে যখনই শত্রু পরাজিত হয়েছে, তখনই তারা সেই ব্যর্থতা পুষিয়ে নিতে নরম যুদ্ধ (সফট ওয়ার) এবং মনস্তাত্ত্বিক অপতৎপরতার আশ্রয় নিয়েছে।

এই ইরানি সুন্নি আলেম জাতীয় শক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, শত্রুরা জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক বিভেদ উসকে দিয়ে জাতীয় সংহতির এই মহামূল্যবান সম্পদকে আঘাত করার চেষ্টা করছে।

মামুস্তা মাহমুদির মতে, সমাজের প্রতিটি স্তরের মানুষের—বিশেষ করে বুদ্ধিজীবী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং দায়িত্বশীল ব্যক্তিদের—কর্তব্য হলো সামাজিক শান্তি বজায় রাখা, মানুষের মধ্যে আশা ও আস্থা জোরদার করা, কৃত্রিম মেরুকরণ এড়িয়ে চলা এবং পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির সংস্কৃতি বিকশিত করা।

তিনি বলেন, জনসচেতনতা ও দূরদৃষ্টি বৃদ্ধি, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের ব্যাপারে সতর্ক থাকা—এসবই ষড়যন্ত্র মোকাবিলার অন্যতম কার্যকর উপায়।

তিনি আরও বলেন, ইরানের জনগণ অতীতেও ঈমান, প্রজ্ঞা ও ঐক্যের শক্তিকে অবলম্বন করে বহু ষড়যন্ত্র নস্যাৎ করেছে। এবারও জাতীয় সংহতি অটুট রেখে তারা শত্রুকে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ দেবে না।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha